একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও আমানতদার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক বিশেষ বিবৃতিতে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের প্রতি এই নৈতিক আহ্বান জানানো হয়। একই সাথে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোট কেবল একটি নাগরিক অধিকার নয়, বরং এটি একটি পবিত্র আমানত এবং সাক্ষ্য। রাষ্ট্র ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য এমন নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন যারা ব্যক্তিগত সততা ও কর্মদক্ষতায় শ্রেষ্ঠ এবং জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল মনে করে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভোটাররা রাষ্ট্রীয় আমানত যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তরের সুযোগ পান। তাই এই আমানত রক্ষায় অত্যন্ত সতর্ক হওয়া জরুরি। কোনো প্রার্থীর দলীয় পরিচয়ের চেয়ে তার ব্যক্তিগত আমানতদারিতা, চারিত্রিক স্বচ্ছতা এবং দেশপ্রেমকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে পারে—এমন যোগ্য প্রতিনিধি নির্বাচন করা সময়ের দাবি। একটি আধুনিক ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে জনগণের সচেতন অংশগ্রহণ এবং সঠিক নেতৃত্ব বাছাই করার মধ্য দিয়েই দেশের প্রকৃত মুক্তি সম্ভব।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল নেতৃবৃন্দ বলেন, “আমরা একটি শোষণমুক্ত এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। যেখানে আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত হবে। এই লক্ষ্য অর্জনে প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব হলো দল-মতের ঊর্ধ্বে উঠে সৎ ও দক্ষ প্রার্থীকে বেছে নেওয়া। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।”
পরিশেষে, দেশের স্থায়ী শান্তি, প্রগতি ও ইনসাফ কায়েমের লক্ষ্যে যোগ্য প্রতিনিধিদের জয়যুক্ত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা