বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং প্রখ্যাত আলেমে দ্বীন হাকিম আজহারুল ইসলাম নোমানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাকিম আজহারুল ইসলাম নোমানীর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস ও মহাসচিব মুফতি মুনির হুসেইন রাহমানী এক যৌথ শোকবার্তায় বলেন,
“মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এবং দেশবাসী একজন নিবেদিতপ্রাণ দ্বীনি রাহবার ও যোগ্য অভিভাবককে হারাল। দ্বীনের খেদমতে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের জন্য বিশেষ দোয়া চেয়েছেন।
স্মরণীয় অবদান: মরহুম হাকিম আজহারুল ইসলাম নোমানী বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ইমামদের ঐক্যবদ্ধ করা এবং আলেম সমাজের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সামনের সারির যোদ্ধা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় উলামা মুভমেন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-সহ বিভিন্ন দ্বীনি সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
জানাজা ও দাফন: সংগঠন সূত্রে জানানো হয়েছে, আজ সকাল নয়টায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে মরহুমের নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্মরণ সভা: বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে মরহুমের স্মরণে একটি বিশেষ আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হবে। সভার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
হাকিম আজহারুল ইসলাম নোমানীর ইন্তেকালে দেশের আলেম সমাজ ও তাঁর অগণিত গুণগ্রাহীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক, VOICEOFISLAM24.com