চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। তারা শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই ওই দিনই ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
যদিও আনুষ্ঠানিকভাবে ফল দেখার পদ্ধতি এখনো ঘোষণা করা হয়নি, তবে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন—আগের নিয়মেই শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
ফল দেখতে চাইলে শিক্ষার্থীদের যেতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখান থেকে পরীক্ষার নাম (SSC), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল (২০২৫) সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
যাদের ইন্টারনেটে সমস্যা হতে পারে, তারা মোবাইলের মেসেজ অপশন থেকে ফল জানতে পারবে সহজেই। এজন্য লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <২০২৫>
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: SSC DHA 123456 2025।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তাদের লিখতে হবে:
Dakhil MAD <রোল নম্বর> <২০২৫>
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফিরতি এসএমএসে তাদের ফল জানিয়ে দেওয়া হবে।
কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়মটা হচ্ছে:
SSC TEC <রোল নম্বর> <২০২৫>
এই ফরম্যাটে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।
এছাড়া যেকোনো শিক্ষার্থী চাইলে নিজের বোর্ডের ওয়েবসাইটেও প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফলসহ মার্কশিট ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানার জন্য EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেই ফলাফল শিট সংগ্রহ করা যাবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। তারা ২ হাজার ২৯১টি কেন্দ্র এবং ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেয়।
সাধারণত ফল প্রকাশের দিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হয়, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলাফল চূড়ান্তভাবে জানতে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা থাকলেও ১০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর হাতে রেখে প্রস্তুত থাকতে বলা হচ্ছে যাতে নির্ধারিত সময়ে ফলাফল জেনে নিতে কোনো সমস্যা না হয়।

