বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি রংপুরের গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। উপজেলা শাখার সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ডা. নার্গীস আক্তার এবং ওষুধ প্রশাসন বিভাগের কর্মকর্তা ডালিম চন্দ্র দাস।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের। প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি খোন্দকার মারুফ ইলাহী। উপজেলা সমিতির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমাননের সঞ্চালনায় বক্তব্য দেন গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু মিয়া লাল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের ওষুধ ব্যবসায়ী, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।সভায় বক্তারা বলেন, নৈতিকতা, পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষায় ওষুধ ব্যবসায়ীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ভেজাল ও অননুমোদিত ওষুধ প্রতিরোধে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

